উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া এবং সামনে তা আরও জোরদার করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর ভবন নির্মাণের শুভারম্ভ ফলক উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলা বা অপরাধে জড়িত থাকলে কেবল প্রত্যাহার নয়, বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। বিজয়ের মাস ডিসেম্বরে কোনো অপশক্তিকে অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। রাজধানীর যানজট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে মামলা ও শৃঙ্খলা নিশ্চিত করছে। এছাড়া রাস্তা খননে ভোগান্তি কমাতে পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কেটে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকটে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে মন্ত্রী জানান, দেশে ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার এবং ৬০ লাখ প্রশিক্ষিত ভিডিপি সদস্য রয়েছেন। আনসার সদস্যদের আবাসন সংকট দূর করতে আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত ডরমেটরি ও ব্যারাক তৈরি করা হচ্ছে।