উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ‘এবি ২০১৭’ বিলটি আইনে পরিণত হওয়ায় অঙ্গরাজ্যটির সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীরা বেতনসহ বা ব্যক্তিগত ছুটি ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে দুই ঈদ উদযাপন করতে পারবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার স্টেট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানির উদ্যোগে তৈরি এই বিলে সহ-উদ্যোক্তা হিসেবে ছিল ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ (কেয়ার-সিএ), ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স এবং মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিল।
নতুন আইন পাসের ফলে অঙ্গরাজ্যের কে-১২ স্কুল, কমিউনিটি কলেজ ও সরকারি দপ্তরগুলো স্থানীয় চুক্তির ভিত্তিতে ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা বা প্রতিষ্ঠান বন্ধ রাখার আইনি সুযোগ পাবে।
অধিকার রক্ষা সংগঠন কেয়ার-সিএ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লাখের বেশি মুসলিমের দীর্ঘদিনের একটি সমস্যার অবসান ঘটলো। এখন থেকে তাঁদের আর কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি এবং ধর্মীয় উৎসব পালনের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে না।