উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জেলার টু’ বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয় করা প্রথম তামিল সিনেমা হওয়ার ইতিহাস গড়তে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা। ধানুশ অভিনীত ‘ওএম চ্যাপ্টার ১: উধিরাম—দ্য ব্লাড উড’-এর সঙ্গে সংঘাত এড়ানো, উৎসবের মৌসুম এবং রজনীকান্তের তারকামূল্যের কারণে সিনেমাটিকে ঘিরে বক্স অফিসে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে। ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, এখন পর্যন্ত তামিল সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে রয়েছে রজনীকান্তের ‘২.০’ (৬৯১ কোটি রুপি) এবং তৃতীয় অবস্থানে রয়েছে তার ‘জেলার’ (৬০৪.৫০ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে থাকা থালাপতি বিজয়ের ‘লিও’ আয় করেছিল ৬০৫.৯০ কোটি রুপি।
নেলসন পরিচালিত সিক্যুয়েল ‘জেলার টু’-তে যুক্ত হয়েছে প্যান-ইন্ডিয়া তারকাদের উপস্থিতি। এতে মালয়ালম সিনেমার মোহনলাল, কন্নড় সিনেমার শিবা রাজকুমার এবং হিন্দি সিনেমার হৃতিক রোশন, বিদ্যা বালানসহ তামান্না, বিজয় সেতুপতি ও এস জে সূর্যাহকে ক্যামিও ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। বিশেষ করে হৃতিক রোশনের উপস্থিতি ভারতের উত্তরাঞ্চলের বাজারে সিনেমাটির ব্যবসা বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চেন্নাইভিত্তিক বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এবং প্রযোজক-পরিবেশক জি ধনঞ্জেয়ন জানান, হিন্দি বলয়ের পিভিআর-আইনক্সের মতো মাল্টিপ্লেক্স চেইন ও সিঙ্গেল-স্ক্রিনে সঠিক প্রদর্শন নিশ্চিত করা গেলে এবং ভালো দর্শকপ্রতিক্রিয়া পেলে সিনেমাটির সামনে ১ হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করার জোরালো সুযোগ রয়েছে।
তবে পূর্বাভাসের বিপরীত মতও রয়েছে। বিহারের রূপবাণী সিনেমার প্রধান নির্বাহী বিশেক চৌহানের মতে, প্রথম কিস্তির ‘হুকুম’ বা ‘কাভালা’র মতো ‘জেলার টু’-এর গানগুলো এখনো ততটা আলোড়ন তুলতে পারেনি। ফলে উত্তর ভারতের বাজারে আশানুরূপ আয়ের জন্য প্রথম দুই-তিন দিনের ইতিবাচক দর্শকপ্রতিক্রিয়া (Word of Mouth) অত্যন্ত জরুরি।সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটি আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।