উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিনের কৌশলগত নীরবতা ও বন্ধুত্বের নমনীয় অবস্থান থেকে সরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বাণিজ্য কৌশলের সরাসরি ও কড়া সমালোচনা শুরু করেছে ভারত। শুল্কনীতি (Tariff), সন্ত্রাসবাদ দমন এবং অভিবাসনসহ একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে ওয়াশিংটনের প্রতি নয়াদিল্লির এই স্পষ্ট অসন্তোষ প্রকাশের ঘটনাকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মোড় হিসেবে দেখছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।
কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনের নীতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সীমান্ত অতিক্রম করে আসা সন্ত্রাসবাদ এবং প্রতিবেশী পাকিস্তানের বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগকে ওয়াশিংটন ধারাবাহিকভাবে উপেক্ষা করছে। একইসঙ্গে ট্রাম্পের বাণিজ্য নীতিকে 'স্বার্থপর' আখ্যা দিয়ে তিনি জানান, এসব সিদ্ধান্তের কারণে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্প প্রশাসন কর্তৃক রাশিয়ান তেল আমদানির ওপর নির্ভর করে ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দু'দেশের সম্পর্কের সবচেয়ে বড় ফাটল হিসেবে আবির্ভূত হয়েছে। এর পাশাপাশি এইচ-১বি (H1B) ভিসার কড়াকড়ি এবং কৃষি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বাজার সুবিধার দাবি সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
একইসঙ্গে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান ৪ দিনের সীমান্ত উত্তেজনায় ট্রাম্পের একতরফা মধ্যস্থতার দাবি এবং পাকিস্তানের প্রতি মার্কিন প্রশাসনের নমনীয় মনোভাবকেও ভালো চোখে দেখেনি নয়াদিল্লি।
রাজনীতি বিশ্লেষক ও সাবেক কূটনীতিকদের মতে, ভারতে আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর বিরোধী ও দেশের অভ্যন্তরের রাজনৈতিক চাপ বাড়ছে। মার্কিন ‘দাদাগিরি’ মেনে নেওয়ার অভিযোগ এড়াতেই মোদি সরকার এখন ওয়াশিংটনের বিরুদ্ধে প্রকাশ্য ও কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে। সাবেক রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার মতে, মার্কিন পদক্ষেপের মুখে ভারত এত দিন যে নীরবতা বজায় রেখেছিল, দেশীয় অসন্তোষের কারণে এবার তা প্রকাশ্যে সমালোচনায় রূপ নিয়েছে।