উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অভিবাসীদের আইনি ও সামাজিক সুরক্ষা জোরদারে একটি নতুন সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। ১২৫তম স্ট্রিটে অবস্থিত এই কেন্দ্র থেকে প্রবাসীরা বিনামূল্যে আইনি তথ্যের পাশাপাশি প্রয়োজনীয় সরকারি ও সামাজিক সুবিধাদি পাওয়ার বিষয়ে যাবতীয় দিকনির্দেশনা পাবেন।
নিউইয়র্ক সিটির অভিবাসীবিষয়ক দপ্তর সূত্রে জানা যায়, ম্যানহাটনের ৪৩১ ওয়েস্ট ১২৫তম স্ট্রিটে স্থাপিত কেন্দ্রটি একটি 'ওয়াক-ইন' (সরাসরি উপস্থিত হয়ে সেবা নেওয়ার) কেন্দ্র হিসেবে কাজ করবে। বিশেষ করে আইনি প্রক্রিয়া, নাগরিকত্ব, গ্রিন কার্ড, আবাসন, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তার মতো জরুরি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যেসকল অভিবাসী অনিশ্চয়তায় ভুগছেন, তাঁদের সঠিক সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে পাঠাতে (রেফারেল দিতে) সহায়কের ভূমিকা পালন করবে এটি।
কর্মকর্তারা জানান, উত্তর ম্যানহাটনের প্রবাসীরা এখন এক ছাদের নিচ থেকেই দৈনন্দিন সমস্যা, অধিকার রক্ষা এবং সরকারি সেবা পাওয়ার সহজ উপায় সম্পর্কে সঠিক পরামর্শ পাবেন। সিটির এই নিরাপদ আইনি সেবা কাঠামোর আওতায় অভিবাসীরা সরকারি হেল্পলাইন ‘৩১১’ অথবা সিটির নির্ধারিত বিনামূল্যের হটলাইনে যোগাযোগ করেও এই কেন্দ্র ও অন্যান্য সুবিধার বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন।