উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সগামী একটি পাতালরেলে (J Train) চলন্ত অবস্থায় এক যাত্রীকে অতর্কিত ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে
ঘটনার পর পর আতঙ্কিত যাত্রীরা স্টেশন থেকে নেমে আসার দৃশ্য এবং হামলাকারীর ব্যবহৃত রক্তমাখা ছুরিটি প্ল্যাটফর্ম থেকে নিচের রাস্তায় ছুঁড়ে ফেলার দৃশ্য স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ধাওয়ায় সন্দেহভাজন তরুণ পালিয়ে একটি ভবনের ছাদে আত্মগোপন করেন। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পুলিশ গিয়ে তাকে সেই ছাদ থেকে গ্রেফতার করে।
আহত অবস্থায় উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫৯ বছর বয়সী ওই প্রবীণ যাত্রীকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকেরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৬ সালে নিউইয়র্কের পাতালরেল (Subway) ব্যবস্থায় এটি ৬ষ্ঠ হত্যাকাণ্ডের ঘটনা। এই মর্মান্তিক ঘটনার পেছনে সুনির্দিষ্ট কী কারণ ছিল তা জানতে আটক ২৫ বছর বয়সী তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।