উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বীরভূমের সিউড়িতে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে সাবেক দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে লাঞ্ছিত ও কার্যালয়ে চরম তাণ্ডব চালিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, এই হামলার পর অনুব্রত মণ্ডল বা তাঁর দল 'গণতান্ত্রিক তৃণমূল'-এর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এমনকি পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেনি। অভিযোগ না থাকায় ঘটনার রাতেই আটক হওয়া তিন যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ: বুধবার বিকেলে সিউড়ির তৃণমূল কার্যালয়ে ডাল ও লাঠি হাতে ঢুকে পড়ে তিন যুবক— আকাশ দেবনাথ, বান্টি বীরবংশী এবং ঋষভ গোর। তারা ভেতরে ঢুকে অনুব্রত মণ্ডলকে চেয়ারে বসিয়ে রেখে প্রকাশ্যে গালাগাল, হুমকি এবং কার্যালয়ের আসবাবপত্র, বাতানুকূল যন্ত্র (এসি) ভেঙে গুঁড়িয়ে দেয়। একপর্যায়ে টেবিলের কাচ ঠিকরে অনুব্রতের গায়ে লাগে এবং এক যুবক তাঁর পাঞ্জাবির কলার ধরে টান দেয়। হামলাকারীরা তাঁকে 'গরুচোর' বলে কটাক্ষ করে এবং বিগত ১৫ বছরের অত্যাচারের হিসাব চায়। গোটা ঘটনার সময় অনুব্রতকে মুখে স্মিত হাসি নিয়ে হাত নেড়ে তাদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না বলেও আক্রমণকারীদের জানান।
আইনি পদক্ষেপ ও পুলিশের ভূমিকা: ঘটনার পর পুলিশ গিয়ে তিন যুবককে আটক করে গাড়িতে তোলে। তবে অনুব্রতের দল কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় এবং পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা না করায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। কোনো অভিযোগ না হওয়ায় এবং পুলিশি নিষ্ক্রিয়তার নেপথ্যে রাজনৈতিক চাপ নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া:গণতান্ত্রিক তৃণমূল (ঋতব্রত তৃণমূল): দলের জেলা সভাপতি ও রাজ্য নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ ঘটনাকে ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।তৃণমূল (মমতা গোষ্ঠী): বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের মতে, পুরো বিষয়টি একটি ‘সাজানো ঘটনা’ মনে হচ্ছে। অপরদিকে বিধায়ক কুণাল ঘোষ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।বিজেপি: বিজেপি বিধায়ক ধ্রুব সাহা জানান, দীর্ঘদিন জনগণের ওপর অত্যাচার করার ক্ষোভ থেকে ক্ষুব্ধ আমজনতা এই ঘটনা ঘটিয়েছে। তবে কোনো ধরনের সহিংসতা সমর্থনযোগ্য নয় উল্লেখ করে সবাইকে আইনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।