উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা এবং দেড় লাখ চিংড়ির রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পাইকগাছা নৌ পুলিশ ফাঁড়ি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের যৌথ উদ্যোগে এলাকাটিতে দুই পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাছ সংরক্ষণ ও পরিচর্যা করায় ‘গাজী ফিস’ ও ‘কারিমুল এন্টারপ্রাইজ’ নামক দুটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেখান থেকে জব্দ করা আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
পাইকগাছায় নৌ পুলিশের অভিযান: অসাধু ব্যবসায়ীদের জরিমানা
পরবর্তীতে পরিচালিত অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় তিন হাঁড়ি বাগদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করে নৌ পুলিশ। পোনাগুলোর আনুমানিক সংখ্যা ১ লাখ ৫০ হাজার, যার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। পরে উদ্ধারকৃত রেনু পোনাগুলো কপোতাক্ষ নদীতে অবমুক্ত করা হয়।
পাইকগাছা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৎস্য সম্পদ রক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।