উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ক্রমাগত বৃদ্ধি পাওয়া সাইবার অপরাধ দমন ও অপরাধীদের প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে ৪ হাজার ৫৯২ জন জনবল নিয়ে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে প্রচলিত পুলিশ বাহিনীর পাশাপাশি সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাইবার পুলিশ ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, নবগঠিত এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন একজন অতিরিক্ত আইজিপি (Addl. IGP)। বিভাগীয় ও সদর দফতর পর্যায়ে একাধিক ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা এটি তদারকি করবেন। এছাড়া থানায় সাইবার অপরাধ সংক্রান্ত কাজ পরিচালনার জন্য আলাদা সাব-ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল পদায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ইউনিটটির অনুমোদিত অর্গানোগ্রামে ৪,৫৯২ জন জনবল নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল থেকে প্রয়োজনীয় সদস্য দিয়ে কাজ শুরু হলেও পরবর্তী সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করা হবে।" তিনি আরও জানান, প্রযুক্তি ও মেধানির্ভর এই ইউনিটে সর্বাধুনিক সাইবার-সংশ্লিষ্ট সরঞ্জাম যুক্ত করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার ও ডিজিটাল অপরাধের জটিলতার কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, "প্রচলিত পদ্ধতির পাশাপাশি এখন ফরেনসিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। মাদক, জুয়া, সন্ত্রাস, মানি লন্ডারিং, আর্থিক জালিয়াতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপরাধ মোকাবিলায় উন্নত ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আগে বিভিন্ন ইউনিট বিচ্ছিন্নভাবে কাজ করায় সমন্বয়হীনতা ছিল; এখন তা একটি সুসংগঠিত 'আমব্রেলা' কাঠামোর অধীনে নিয়ে আসা হচ্ছে।"
নতুন এই ইউনিটে বিশেষ দক্ষতাভিত্তিক বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে রয়েছে— সিস্টেম অ্যানালিস্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাস্টার রিকভারি এক্সপার্ট, কনটেন্ট ডেভেলপার, কমিউনিকেশন এক্সপার্ট ও সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট। এসব পদে বাইরে থেকে আসা বিশেষজ্ঞদের আলাদা বেতন-ভাতা ও প্রণোদনা কাঠামোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পুলিশের যেসব সদস্য দক্ষ বা আগ্রহী, তাদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে এই ইউনিটে যুক্ত করা হবে। ইতোমধ্যে সিনিয়র কর্মকর্তাদের একটি দলকে বিদেশে পাঠানোর জন্য নির্বাচন করা হয়েছে।
সাইবার সিকিউরিটি আইন সংশোধন প্রসঙ্গে মন্ত্রী জানান, আইনটিকে আরও আধুনিক ও সুনির্দিষ্ট করার কাজ চলছে। এ বিষয়ে সাংবাদিক, সম্পাদক ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষার পাশাপাশি আইনটির অপপ্রয়োগের মাধ্যমে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আইনটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সময়োপযোগী বিল সংসদে আনা হবে বলে জানান তিনি।
পুলিশের বিদ্যমান সাইবার ক্রাইম ইউনিট ও সিআইডির কার্যক্রম এই ইউনিটের অধীনে আসবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিটি মাঠপর্যায়ের কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের যুক্ত করে পুরো ব্যবস্থাকে সুসংগঠিত রূপ দেওয়া হবে।