উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। চারদিকে তখনো যুদ্ধের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও ধ্বংসের চিহ্ন। সেই সময় একদল তরুণ অস্ত্রের বদলে হাতে তুলে নেন ক্যামেরা। তাঁদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস, বীরত্ব ও আত্মত্যাগকে চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণ করা। সেই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা ছিলেন মুন্সীগঞ্জের সন্তান চাষী নজরুল ইসলাম।
১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন চাষী নজরুল ইসলাম। তাঁর ডাকনাম ছিল ‘তিনু’। বাবা মোসলেহ উদ্দিন খান ও মা শায়েস্তা খানমের বড় সন্তান তিনি। পরবর্তীতে বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান চিত্রনির্মাতা হিসেবে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
তাঁর নামের সঙ্গে ‘চাষী’ উপাধিটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে শেরেবাংলা এ. কে. ফজলুল হকের সঙ্গে পারিবারিক সম্পর্কের একটি ঘটনা। চাষী নজরুল ইসলামের মামা চাষী ইমাম উদ্দিন ছিলেন শেরেবাংলার রাজনৈতিক সহযোদ্ধা এবং তাঁর সম্পাদিত ‘নবযুগ’ ও ‘লাঙল’ পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। সেই সূত্রে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পারিবারিকভাবে শিশুটির জন্য নাম চাওয়া হলে শেরেবাংলা ‘চাষী’ ও ‘নজরুল’—দুটি পরিচিতির সমন্বয়ে তাঁর নাম রাখেন ‘চাষী নজরুল ইসলাম’ বলে জানা যায়।
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে মুক্তি পায় চাষী নজরুল ইসলামের পরিচালিত ‘ওরা ১১ জন’। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত। চলচ্চিত্রটির বিশেষ বৈশিষ্ট্য ছিল মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে চলচ্চিত্রের কাহিনির সমন্বয়। নিজে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় যুদ্ধের অভিজ্ঞতা ও বাস্তবতার প্রভাব তাঁর নির্মাণে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
‘ওরা ১১ জন’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন খসরু এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আরও কয়েকজন যোদ্ধা। ফলে চলচ্চিত্রটিতে যুদ্ধের সময়কার বাস্তব অভিজ্ঞতা ও পরিবেশের একটি প্রত্যক্ষ আবহ তৈরি হয়েছিল।এরপর মুক্তিযুদ্ধ চাষী নজরুল ইসলামের চলচ্চিত্র-চিন্তার অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে। ১৯৭৪ সালে তিনি নির্মাণ করেন ‘সংগ্রাম’, যেখানে উঠে আসে যুদ্ধের প্রতিরোধ ও সংঘাতের চিত্র। পরে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ‘হাঙর নদী গ্রেনেড’। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের পটভূমিতে একজন মায়ের আত্মত্যাগ ও মানবিক সংকটের কাহিনি তুলে ধরা হয়।
‘মেঘের পরে মেঘ’ এবং ‘কামালপুরের যুদ্ধ’সহ তাঁর আরও কিছু চলচ্চিত্রেও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক উঠে এসেছে। ফলে বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মানবিক অভিজ্ঞতা তুলে ধরার ক্ষেত্রে তাঁর একটি আলাদা অবস্থান তৈরি হয়।
শুধু মুক্তিযুদ্ধ নয়, বাংলা সাহিত্যের কালজয়ী রচনাকেও চলচ্চিত্রে রূপ দেওয়ার ক্ষেত্রে চাষী নজরুল ইসলাম ছিলেন উল্লেখযোগ্য নির্মাতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ তিনি দুই ভিন্ন সময়ে চলচ্চিত্রে রূপ দেন। এছাড়া ‘শুভদা’, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘শাস্তি’ ও ‘শুভা’সহ বেশ কয়েকটি সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।
চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে চাষী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন। ‘শুভদা’ ও ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও সম্মানিত হন।
দীর্ঘ চলচ্চিত্রজীবনের পর ২০১৫ সালের ১১ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাষী নজরুল ইসলাম। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মভূমি মুন্সীগঞ্জে। শ্রীনগরের সমষপুর গ্রামের সামাজিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
মুন্সীগঞ্জের সাংস্কৃতিক ইতিহাসে চাষী নজরুল ইসলামের অবস্থান বিশেষ। মুক্তিযুদ্ধের ইতিহাস, মানুষের আত্মত্যাগ এবং বাংলা সাহিত্যের শক্তিশালী চরিত্রগুলোকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরে তিনি রেখে গেছেন একটি দীর্ঘস্থায়ী সৃজনশীল উত্তরাধিকার। তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আজও আলোচিত।