উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকায় আবর্জনা ও আগাছায় ভরা একটি পরিত্যক্ত জায়গা থেকে দগ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হিলসাইড অ্যাভিনিউসংলগ্ন ওই জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ৯১১ নম্বরে ফোন করে ওই স্থানে মরদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে ক্রাইম সিন ডিটেকটিভ ও অগ্নিসংক্রান্ত তদন্তকারীরাও সেখানে উপস্থিত হন
মরদেহটি গুরুতরভাবে দগ্ধ হওয়ায় তদন্তে ফায়ার মার্শালরাও যুক্ত হন। নিউইয়র্ক সিটি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ের ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, জায়গাটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। সেখানে নিয়মিত আবর্জনা ফেলা হয় এবং মাঝে মাঝে মানুষকে অবস্থান করতেও দেখা গেছে। জায়গাটি নিয়ে স্থানীয়দের অভিযোগও রয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, প্রায় তিন বছর ধরে জায়গাটি খালি পড়ে আছে। আরেক ব্যবসায়ী বলেন, জায়গাটির চারপাশে আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য থাকায় তারা ওই পাশ দিয়ে চলাচল এড়িয়ে চলেন। এর আগে গত ১৬ এপ্রিল ওই জায়গায় আগুন লাগার ঘটনাও ঘটেছিল। পরে নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট (FDNY) আগুন নিয়ন্ত্রণে আনে।
মরদেহটি কার, কীভাবে তার মৃত্যু হয়েছে এবং আগুনে দগ্ধ হওয়ার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না—এসব বিষয়ে তদন্ত চলছে। মেডিকেল এক্সামিনারের কার্যালয় পরিচয় ও মৃত্যুর কারণ নির্ধারণে কাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।