উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে প্রায় সোয়া কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম বা প্রায় ১ দশমিক ৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে এনবিআর। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকেও আটক করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।