উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোরের আলো ফোটার আগেই শুরু হয় অপেক্ষা। হাতে ব্যাগ, কেউ একা, কেউ পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে পড়েন ওএমএসের ট্রাকের সামনে। কম দামে পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও শেষ পর্যন্ত অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। কারও অপেক্ষা সকাল ৬টা থেকে, কারও সকাল ৯টা থেকে—কিন্তু পণ্য মেলেনি দুপুর পর্যন্ত।
নগরীর বৈরাগীপাড়া এলাকায় ওএমএসের চাল ও আটা বিক্রিকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে নিম্নআয়ের মানুষের চাপ, অন্যদিকে সীমিত বরাদ্দ—দুইয়ের চাপে ট্রাক সেলের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা। পণ্য না পাওয়ার পাশাপাশি বিতরণে অনিয়মের অভিযোগও তুলেছেন অপেক্ষমাণ কয়েকজন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওএমএস কর্মসূচিতে জনপ্রতি পাঁচ কেজি আটা প্রতি কেজি ২৪ টাকা এবং পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রির কথা। এই দামে পণ্য পাওয়ার আশায় সকাল থেকেই শত শত নারী-পুরুষ সেখানে জড়ো হন।
অপেক্ষমাণ মানুষের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও সবাইকে নিয়ম অনুযায়ী চাল-আটা দেওয়া হয়নি। কেউ কেউ দাবি করেন, লাইনে থাকা মানুষের পরিবর্তে পরিচিত বা পছন্দের ব্যক্তিদের মধ্যে পণ্য দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিক্রির দায়িত্বে থাকা ডিলারের ম্যানেজার।
সরেজমিনে দেখা যায়, একটি নির্দিষ্ট লাইনের পরিবর্তে ট্রাকের সামনে কয়েকটি লাইন তৈরি হয়েছে। ফলে কে আগে পণ্য পাবেন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে অপেক্ষমাণদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে।
কামাল কাছনা এলাকার মমতাজ বেগম বলেন, ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করেও তিনি চাল-আটা পাননি।
তার ভাষ্য, “আটা আর চাল না পেলে বাসায় রান্না হবে না। গরিব মানুষ বলেই কম দামে পণ্য পাওয়ার আশায় এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত না পেয়ে ফিরতে হচ্ছে।”
বৈরাগীপাড়ার সুজা মিয়াও দীর্ঘ অপেক্ষার কথা জানান। তিনি বলেন, সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। একটি লাইনের পরিবর্তে চারটি লাইন হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেও তিনি চাল-আটা পাননি বলে জানান।
ট্রাক সেলে পণ্য বিক্রির দায়িত্বে থাকা ডিলারের ম্যানেজার রমজান আলী বলেন, তাদের জন্য এক টন চাল ও এক টন আটা বরাদ্দ রয়েছে। এই পরিমাণ পণ্য দিয়ে প্রায় ২০০ জনকে দেওয়া সম্ভব।
তার দাবি, “এখানে ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষ অপেক্ষা করছেন। বরাদ্দ বাড়ানো হলে আরও অনেককে পণ্য দেওয়া যেত। আমাদের করার কিছু নেই।”
তবে চাল-আটা বিতরণে কারসাজি করে পছন্দের লোকজনকে পণ্য দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।
খাদ্য বিভাগের তদারককারী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, বরাদ্দ কম থাকায় সবাইকে পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্যে চাল-আটা কিনতে মানুষের চাপও বেড়েছে।
তিনি বলেন, “বরাদ্দ কম থাকায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। মানুষের দীর্ঘ লাইন সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বরাদ্দ বাড়ানো হলে আরও অনেককে পণ্য দেওয়া সম্ভব হবে।”