উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে লন্ডনের সেন্ট বার্থোলমিউস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
বিডিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেন তৌফিক ইমরোজ খালিদী। সাংবাদিকতা জীবনে তিনি ডেইলি স্টার ও বিবিসিতে কাজ করেছেন। ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন এবং এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে একজন অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে দেশ।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত উন্মোচনেও তাঁর অবদান রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।