উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ভারতে আবারও বিক্ষোভে নেমেছে যুব নেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলন। শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ে হাজারো মানুষ জড়ো হয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। একই দাবিতে দিল্লি, গোয়া, কলকাতা ও বেঙ্গালুরুতেও বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত এই আন্দোলনের সমর্থকদের বড় অংশ তরুণ। অনলাইনে ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে শুরু হলেও পরে এটি তরুণদের একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের ভোটার তালিকা সংশোধনের জন্য পরিচালিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে প্রক্রিয়াটি নিয়ে অনিয়ম ও নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ উদ্বেগের কথা বলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এসআইআরের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তবে ভারতের নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে নতুন করে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের নিবন্ধন এবং ভুলভাবে বাদ পড়েছেন বলে দাবি করা ব্যক্তিদের নাম দ্রুত যাচাই ও অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বাইয়ের শিবাজি পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। তবে আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা দেন, অনুমতি না পেলেও তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।শুক্রবার মুম্বাইয়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। বিক্ষোভকারীদের মধ্যে অনেক তরুণ অংশ নেন। ২২ বছর বয়সী শিক্ষার্থী আন্দোলনকর্মী দিশা বলেন, ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার। তাঁর দাবি, নির্বাচন কমিশনের পদক্ষেপে বিপুলসংখ্যক মানুষ ভোটাধিকার হারিয়েছেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি জানান তিনি। ১৮ বছর বয়সী জানভি উপাধ্যায় বলেন, ‘ককরোচ’ আন্দোলন ভারতের তরুণদের সচেতন করেছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তাঁরা তার প্রতিবাদ করবেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে দিল্লিতেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। গত জুলাইয়ে ‘ককরোচ’ আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল দিল্লির যন্তর মন্তর। শুক্রবার সেখানে বিক্ষোভ ঠেকাতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, আশপাশের প্রায় এক ডজন মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। বিক্ষোভে অংশ নিতে আসা শত শত মানুষকে পুলিশ বাসে তুলে নেয়। আন্দোলনকারী ও বিরোধী দলের নেতাদেরসহ অন্তত ৭০০ জনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিরোধী দলগুলোও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে। আগামী সপ্তাহে বিরোধী দলের সংসদ সদস্যরা দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করবেন বলে জানা গেছে। এর আগে শিক্ষা ও গণতন্ত্রসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ‘ককরোচ’ আন্দোলনের বিক্ষোভ হয়েছিল। আন্দোলনের ধারাবাহিকতায় গত জুলাইয়ে দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর আন্দোলনকারীরা নিজেদের একটি ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে সক্রিয় রাখার ঘোষণা দেন।