উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে। তিনি বলেন, ঝিলমিলে ডিপোর জন্য সরকার ইতোমধ্যে জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছে। সেখানে কাজও শুরু হয়েছে। রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। ওই জায়গায় স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ডিএমপি কমিশনার জানান, স্থায়ী টার্মিনাল ও ডিপো চালু হলে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন সেখানে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকও ওই এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। কবে নাগাদ স্থানান্তর সম্ভব হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বোচ্চ তিন মাস সময় নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই কাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে স্থানান্তর করা হবে।
মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, টার্মিনালের কার্যক্রম শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হবে। কেউ সামান্য অনিয়মের চেষ্টা করলেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা মহানগরের অসহনীয় যানজট এবং সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় মানুষ অতিষ্ঠ। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।