উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য এবং শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উৎপাদন, সেবা ও রপ্তানিসহ বিভিন্ন খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পঞ্চমবারের মতো এ আয়োজন করছে।
প্রধানমন্ত্রী বলেন, নতুন নির্বাচিত সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, সরকার এখন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে তিনি ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’, ‘হেলথ কার্ড’ ও ‘ইউনিভার্সেল কার্ড’-এর কথা তুলে ধরেন। এসব কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ, কৃষক ও নাগরিকদের বিভিন্ন সরকারি সহায়তা ও সেবার আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি।
স্বাস্থ্য খাতে প্রায় ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, এর প্রায় ৮০ শতাংশ নারী হবেন এবং তাঁরা তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরামর্শ ও প্রয়োজনীয় রেফারেল সেবা দেবেন।
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে তারেক রহমান বলেন, শিক্ষাব্যবস্থাকে বাস্তব জীবনের উপযোগী করার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো হবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপে সহায়তার ওপরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
কৃষিকে অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রযুক্তি, সেচ, কৃষি অর্থায়ন ও বাজারসংযোগ সহজ করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। মৎস্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
পানি ব্যবস্থাপনা নিয়ে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খননের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নেওয়া এবং তিস্তা মহাপরিকল্পনা প্রণয়নের কথাও বলেন।
পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বর্জ্য পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব শিল্প স্থাপনের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি স্বচ্ছতা, জবাবদিহি, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের কথা বলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের সেবায় কার্যকরভাবে নিয়োজিত করার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তাঁদের মিয়ানমারে দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সহযোগিতার প্রসঙ্গে তিনি সমুদ্রবন্দর, নৌপথ, মৎস্যসম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহব্যবস্থায় সম্ভাবনার কথা তুলে ধরেন। বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি ও জলবায়ু খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।