উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কাটাখালি খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত, জলাবদ্ধতা নিরসন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসন জানায়, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।