উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পান রফতানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রফতানি করা যাবে না—হাইকোর্টের এমন আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আপাতত পান রফতানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক থাকার শর্ত কার্যকর থাকছে না। রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে বাংলাদেশ পান রফতানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত ৬ আগস্ট আদেশ দেন, সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রফতানি করা যাবে না। ওই আদেশের ফলে পান রফতানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক হয়ে যায়।
হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন আপিল বিভাগে আবেদন করেন। রোববার আবেদনটির শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের ৬ আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এর ফলে পান রফতানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার যে শর্ত হাইকোর্টের আদেশে এসেছিল, তা আপাতত কার্যকর থাকছে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।অন্যদিকে বাংলাদেশ পান রফতানিকারক সমিতির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সল মোহাম্মদ ফায়েজী।