উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত আসামিদের প্রত্যর্পণে আদালতের আইনি প্রক্রিয়ার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, ভারতেরও তা থাকতে হবে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা বলেছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই এটা আদালতের ব্যাপার, সেটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক সদিচ্ছাও একটা ব্যাপার আছে।’
তিনি বলেন, বাংলাদেশ চায় ভারতে অবস্থানরত আসামিদের ফেরত আনার যে প্রক্রিয়া চলছে, তা আরও দ্রুত করার দিকে ভারত মনোযোগ দেবে।
প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক বিষয় বা সংশ্লিষ্ট ব্যক্তির জীবনহানির আশঙ্কার মতো পরিস্থিতিতে প্রত্যর্পণ না করার যে ধারা রয়েছে, সেটি এ ক্ষেত্রে বাধা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ ধরনের ধারা সব প্রত্যর্পণ চুক্তিতেই থাকে। এটি ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে নতুন কোনো বিষয় নয়।
বাংলাদেশের আইন ও আদালতের প্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের আদালত স্বাধীনভাবে কাজ করছে। আসামিদের বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে।
প্রত্যর্পণের ক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথা আবারও উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে, তাদেরও থাকতে হবে।’