উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিয়ের চার বছর পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েন্সার শাহতাজ মনিরা হাশেম। রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেন তারা।ফেসবুক পোস্টে প্রীতম হাসান জানান, শাহতাজের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে প্রায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তিনি লেখেন, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে। তবে সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য তৈরি হওয়ায় আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে বলে তারা উপলব্ধি করেছেন। প্রীতম জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে প্রীতম এই সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম। বিয়ের আগে তাদের প্রায় ছয় বছরের পরিচয় ও সম্পর্ক ছিল বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।