উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে উৎপন্ন মেডিকেল বর্জ্য সুষ্ঠু ও নিরাপদভাবে পৃথকীকরণ, সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তির লক্ষ্যে নতুন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) মুন্সীগঞ্জ পৌরসভার সততা ক্লিনিকের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম। মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। এ সময় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মেডিকেল বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে পরিবেশ দূষণের পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়া এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরির আশঙ্কা থাকে। নতুন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় মেডিকেল বর্জ্য নির্দিষ্ট পদ্ধতিতে পৃথকীকরণ, সংগ্রহ ও পরিবহনের পর নিরাপদভাবে নিষ্পত্তি করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যকর্মী, রোগী, সাধারণ মানুষ ও পরিবেশের ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
কার্যক্রমটি সফল করতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন বক্তারা।