উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেটে শিক্ষাখাতে এ বছর সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে শিক্ষা খাতে বাজেট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এ বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যবই পাচ্ছে। সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাদানের প্রচলিত কৌশলেও পরিবর্তন আনা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে দেখতে চায় না সরকার। বরং শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিকে সহায়ক হিসেবে ব্যবহার করা হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বইমুখী রাখতে আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষকতা যেন কারও কাছে অনিচ্ছার বা বিকল্প পেশা না হয়। মেধাবীরা যাতে শিক্ষকতাকে পছন্দের প্রথম সারির পেশা হিসেবে বেছে নেন, সে অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।