উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের গজারিয়ায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির পাঠানো প্রায় ৩৫ লাখ টাকা ও প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রথম স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই অন্য এক যুবককে বিয়ে করার অভিযোগও করেছেন ওই প্রবাসী। এ ঘটনায় মো. জসিম (৪০) নামে ওই ব্যক্তি সোমবার গজারিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্তরা হলেন—জসিমের স্ত্রী মোর্শেদা আক্তার মুন্নি (৩০), তাঁর বাবা হযরত আলী (৫৫) এবং চর বাউশিয়া এলাকার মো. রাসেল (৩০)। মুন্নি ও হযরত আলীর বাড়ি গজারিয়া উপজেলার চেঙ্গারকান্দি গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী হযরত আলীর মেয়ে মোর্শেদা আক্তার মুন্নির সঙ্গে জসিমের বিয়ে হয়। তাঁদের সংসারে জেরিন (১৪) ও ইয়াসিন (১২) নামে দুই সন্তান রয়েছে। বিয়ের পর পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য জসিম মালয়েশিয়ায় পাড়ি জমান। তাঁর দাবি, প্রবাসে প্রায় আট বছর অবস্থানকালে উপার্জিত প্রায় ৩৫ লাখ টাকা তিনি স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠিয়েছেন। জসিম অভিযোগ করেন, প্রায় চার বছর আগে দেশে ফিরে তিনি ওই টাকার হিসাব চাইলে স্ত্রী কোনো হিসাব না দিয়ে টালবাহানা করতে থাকেন।
জসিমের দাবি, প্রায় দুই বছর আগে তাঁর অনুপস্থিতির সুযোগে স্ত্রী ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান। তাঁর হিসাবে, ওই স্বর্ণালংকারের বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। জসিম বলেন, গত ১৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তিনি স্ত্রীকে বাড়িতে ফিরে আসতে বলেন। এ সময় স্ত্রী ও তাঁর বাবা তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।
প্রবাসী জসিম আরও অভিযোগ করেন, গত ৪ অক্টোবর তাঁর সঙ্গে কোনো আইনি বিচ্ছেদ না করেই স্ত্রী মোর্শেদা আক্তার মুন্নি চর বাউশিয়া এলাকার মো. রাসেলকে বিয়ে করেছেন। এ বিষয়ে অভিযুক্ত স্ত্রী, তাঁর বাবা ও রাসেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গজারিয়া থানার একজন কর্মকর্তা বলেন, ভুক্তভোগী প্রবাসীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।