উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জায়নবাদকে ‘বর্ণবাদ’ হিসেবে আখ্যায়িত করে ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে একটি একক ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। ইংল্যান্ডের ব্রাইটনে দলটির বার্ষিক সম্মেলনে বিতর্কিত প্রস্তাবটি ১ হাজার ২২২ ভোটে পাস হয়। বিপক্ষে ভোট পড়ে ৮১৩টি। দলটির গৃহীত নীতিতে জায়নবাদকে একটি ‘জাতিগত-জাতীয়তাবাদী ইহুদি রাষ্ট্র’ প্রতিষ্ঠার রাজনৈতিক প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক ফিলিস্তিনে ‘একটি একক গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার এবং ইসরায়েলের ওপর অস্ত্র অবরোধের পক্ষে দলের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
গ্রিন পার্টির প্রস্তাবনায় বলা হয়েছে, তাদের সংজ্ঞা অনুযায়ী জায়নবাদকে অন্যান্য বর্ণবাদের মতোই বিবেচনা করা হবে। তবে দলটি দাবি করেছে, এই অবস্থান কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং তারা জায়নবাদকে একটি রাজনৈতিক মতাদর্শ হিসেবে বিবেচনা করছে। দলটির সদস্য লুবনা স্পেইটান, যিনি প্রস্তাবটির অন্যতম সমর্থক, বলেন—সব ধরনের বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন। গ্রিন পার্টির উপনেতা মতিন আলিও প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনে চলমান সংঘাত ও গাজায় বিপুল প্রাণহানির প্রেক্ষাপটেই জায়নবাদ নিয়ে এই বিতর্ক সামনে এসেছে।
প্রস্তাবটি পাস হলেও গ্রিন পার্টির ভেতরে এ নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। দলটির পাঁচ এমপির মধ্যে চারজন প্রস্তাবটির বিরোধিতা করেছেন। সাবেক দলীয় নেতা ক্যারোলিন লুকাসও প্রস্তাবটির সমালোচনা করেছেন।লুকাসের মতে, জায়নবাদের একক কোনো সংজ্ঞা নেই এবং প্রস্তাবটি দলটির ইহুদি সদস্যদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। অন্য কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে ইহুদি সম্প্রদায়ের একটি অংশ নিজেদের দলটিতে অনাকাঙ্ক্ষিত মনে করতে পারেন। দলীয় নেতা জ্যাক পোলানস্কি ভোটের সময় সম্মেলনে ছিলেন না। তিনি লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনের উপনির্বাচনের প্রচারে ছিলেন। তবে ভোটের আগে তিনি বলেছিলেন, ফিলিস্তিনিদের উৎখাতের সঙ্গে জায়নবাদকে যুক্ত করা হলে সেটিকে বর্ণবাদ হিসেবে বিবেচনা করা যায়।
গ্রিন পার্টির প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটিকে বৈধ রাজনৈতিক বিতর্কের সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছে। পরে জ্যাক পোলানস্কিকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। ব্রিটেনের কয়েকটি ইহুদি সংগঠনও প্রস্তাবটির বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, জায়নবাদকে বর্ণবাদের সঙ্গে এক করে দেখানো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একটি বড় অংশকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
গ্রিন পার্টির নতুন অবস্থান ইসরায়েল-ফিলিস্তিন সংকটের বহুল আলোচিত ‘দুই রাষ্ট্র সমাধান’ নিয়েও প্রশ্ন তৈরি করেছে। প্রচলিত এই ধারণায় ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। অন্যদিকে গ্রিন পার্টির গৃহীত প্রস্তাব ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে একটি একক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। ফলে দলটির নতুন নীতি যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আরও বাড়িয়েছে। গ্রিন পার্টির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ফিলিস্তিনিদের অধিকার সমর্থনের সঙ্গে ইহুদিদের অধিকার সমর্থনের কোনো সংঘাত নেই। দলটির নেতারা ফিলিস্তিনি ও ইহুদি—উভয় জনগোষ্ঠীর অধিকারের পক্ষে থাকার কথা জানিয়েছেন।