উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম ওয়াসার বরখাস্ত গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন নেসার বিরুদ্ধে দুর্নীতির মামলায় তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাটির তদন্তে তাজুল ইসলামের স্ত্রী খাইরুন নেসার নামে ৫৯ লাখ ৮৯ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। দুদকের কৌশলী মোকাররাম হোসেন জানান, মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।
দুদকের অভিযোগপত্র অনুযায়ী, তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ২০০২ সালে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় তিন শতক জমি কেনেন। ওই জমিতে নির্মাণ করা হয় পাঁচতলা একটি বাড়ি। দুদকের তদন্তে বাড়িটির অর্ধেক নির্মাণে ব্যয় ৩৮ লাখ ৬৮ হাজার টাকা পাওয়া যায়। তবে তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ওই অংশের নির্মাণ ব্যয় ২৫ লাখ ৬১ হাজার টাকা দেখিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। পশ্চিম শহীদনগরের তৈয়্যবিয়া হাউজিং সোসাইটিতে অবস্থিত ওই পাঁচতলা বাড়িতে ১৭টি ফ্ল্যাট রয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, খাইরুন নেসার নামে ব্যাংকে থাকা নগদ অর্থসহ আরও ২১ লাখ ৩০ হাজার টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর নামে ৫৯ লাখ ৮৯ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়ার কথা জানায় দুদক।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, খাইরুন নেসার নিজস্ব আয়ের কোনো উৎস পাওয়া যায়নি। তাজুল ইসলাম তাঁর অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নামে জমি ও বাড়ি করেছেন বলে অভিযোগ করে দুদক। দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক মো. এমরান হোসেনের ভাষ্য, তদন্তে তাজুল ইসলামের স্ত্রীর কোনো আয়ের উৎস পাওয়া যায়নি। স্বামীর অবৈধ আয় বৈধ করার জন্য তাঁকে পোলট্রি খামারি হিসেবে দেখানো হয়েছিল বলেও তিনি জানান।
২০২২ সালের ৫ মার্চ তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন নেসার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। প্রায় তিন বছর তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত তাজুল ইসলাম ও খাইরুন নেসাকে তিন বছর করে কারাদণ্ড দেন।