উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট শিশুদের স্মারক উপহার প্রদান এবং বাংলাদেশ শিশু একাডেমির বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময় কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে শিশুদের আঁকা ছবি ও চিত্রপ্রদর্শনীও ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।
মূল মঞ্চের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় নবনির্মিত সোলার প্যানেল ও ইলেকট্রিক সাব-স্টেশন উদ্বোধন করার কথা রয়েছে।
এবারের শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহের মূল প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।