উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং একটি বাসের এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।
প্রথম দুর্ঘটনার পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলস ঘটনাস্থলের পরিস্থিতি দেখে গতি কমিয়ে ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়।
এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত আসলাম হোসেনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, স্বল্প সময়ের ব্যবধানে একই স্থানে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান চলাচলে সাময়িক ধীরগতি তৈরি হয়। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।