উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ এলাকার ক্যান্সার আক্রান্ত সুমন ঢালীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাঁর চিকিৎসার জন্য পরিবারের হাতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন আরও ৫০ হাজার টাকা অনুদানের আশ্বাস দিয়েছেন। গতকাল ৫ অক্টোবর ভট্টাচার্যেরবাগ এলাকার বেহাল রাস্তা পরিদর্শনে যান সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় সুমন ঢালীর মা তাঁর ছেলে ক্যান্সারে আক্রান্ত বলে তাঁদের জানান।
বিষয়টি শুনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন তাৎক্ষণিকভাবে সুমনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন সবুজের মাধ্যমে সুমন ঢালীর পরিবারের কাছে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। সুমনের মা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নগদ অর্থ গ্রহণ করেন।
এদিকে, ক্যান্সারে আক্রান্ত সুমনের চিকিৎসায় আরও ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অসুস্থ সুমনের পরিবারের পাশে জেলা প্রশাসন ও সংসদ সদস্য দাঁড়ানোয় স্থানীয়রা তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে সুমনের চিকিৎসায় আরও সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছেন স্থানীয়রা।