উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে এক সাংবাদিকের বাবাকে তুলে নিয়ে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন অপুসহ দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর রাজিব হোসেন অপু ও স্বপন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগে আদায় করা ২ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত রাজিব হোসেন অপু ও স্বপনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৫২) মুন্সীগঞ্জ শহরের কাটাখালী এলাকার বাসিন্দা। তিনি প্রায় ২০ বছর ধরে ওই এলাকায় কাজী হিসেবে নিকাহ পড়ানো ও বিবাহ নিবন্ধনের কাজ করে আসছেন। তাঁর ছেলে নাহিদ হাসান দৈনিক মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার। মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে হাবিবুর রহমান নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রাজিব, স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে তাঁর বাসায় যান। বিয়ে পড়ানোর কথা বলে প্রথমে তাঁকে কাজী অফিসে নেওয়া হয়। পরে জোরপূর্বক মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ।
হাবিবুর রহমানের অভিযোগ, সেখানে স্বপন দাবি করেন, তাঁর স্ত্রী ইতি (২৫) গত ১ অক্টোবর কাজী হাবিবুর রহমানের অফিসে বসে তাঁকে তালাক দিয়েছেন এবং তিনি ওই তালাক নিবন্ধন করেছেন। এরপর তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাঁর কাজী লাইসেন্স বাতিল এবং তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিজের প্রাণ রক্ষার জন্য টাকা দিতে রাজি হন হাবিবুর রহমান। পরে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সীগঞ্জ শাখা থেকে নিজের হিসাব থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। এরপর স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের ওই টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগীর ছেলে সাংবাদিক নাহিদ হাসান বলেন, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তাঁকে বিষয়টি মেনে নেওয়ার জন্য বলা হয়েছিল এবং মামলা করলে পরবর্তী সময়ে কী হতে পারে, তা নিয়েও ভয় দেখানো হয় বলে দাবি করেন তিনি। নাহিদ হাসান বলেন, ‘আমি কারও রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু চাই, আমার বাবাকে তুলে নিয়ে ভয় দেখিয়ে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার করা হোক।’ তিনি দাবি করেন, প্রথমে তাঁর বাবার কাছে ৫ লাখ টাকা চাওয়া হয়েছিল। পরে দর-কষাকষির পর ২ লাখ টাকা দেওয়া হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানের পরামর্শে তিনি থানায় যান। পরে রাজিব হোসেন অপু থানায় উপস্থিত হয়ে ২ লাখ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন নাহিদ। এরপর পুলিশের সহযোগিতায় ওই টাকা উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত ১২টার পর রাজিব অপুসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজিব হোসেন অপু ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ বলেন, কোনো চাঁদাবাজ বা দুষ্কৃতকারীর ঠাঁই যুবদলে হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে ভুক্তভোগীকে আটকে রাখা, টাকা আদায় এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।