উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। দিনের বেলায় বাসার দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে মাঠপাড়া এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার তাঁতীবাজারের একটি জুয়েলার্স থেকে চোরাই তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দেওয়ানবাড়ী এলাকার মৃত দেওয়ান আশরাফ আলীর ছেলে দেওয়ান মো. ওসমান মাসুদ রানা (৫০) ও দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন (৩৮)। তারা বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি মাঠসংলগ্ন এলাকায় বসবাস করতেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার বাসিন্দা সালমা আক্তারের (২৯) বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে কাঠের আলমারি ভেঙে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় সালমা আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে মাঠপাড়া এলাকা থেকে ওসমান মাসুদ রানা ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার তাঁতীবাজার এলাকার এস এস জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। সেখানে বিক্রি করা চোরাই তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাসাবাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যরা বাইরে থাকলে বাসা ফাঁকা রেখে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন অনেকে। শহরের বিভিন্ন এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের চলাচল ও বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের কেউ কেউ বলছেন, শুধু চুরির পর অভিযান চালানোর পাশাপাশি চোর চক্রের সদস্যদের শনাক্ত, তাদের সহযোগীদের খুঁজে বের করা এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন তারা। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।