উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আয়োজন করা হয়েছে বিশেষ একটি প্রীতি ম্যাচ। কিন্তু যে ম্যাচটি হওয়ার কথা ছিল আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তিকে সম্মান জানানোর আবেগঘন আয়োজন, সেটিই এখন উঠেছে বাণিজ্যিক স্বার্থের প্রশ্নে। ইতালীয় সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেল্লো স্পোর্টস’-এর দাবি, শুরু থেকেই এই ম্যাচে খেলতে আগ্রহী ছিলেন না মেসি। িসংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মেসির ধারণা ছিল—তার নাম ও দীর্ঘ ক্যারিয়ারকে ব্যবহার করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ তৈরি করছে। অর্থাৎ, বিদায়ী ম্যাচের আবেগের আড়ালে এটি বাণিজ্যিক আয়োজন হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা ছিল মেসির। ‘গাজেত্তা দেল্লো স্পোর্টস’ দাবি করেছে, মেসি নিজেই এই সম্মাননা ম্যাচের আয়োজনের পক্ষে ছিলেন না। তার দৃষ্টিতে, এএফএর জন্য এটি ছিল একটি বড় বাণিজ্যিক সুযোগ, যেখানে তার নাম ব্যবহার করে কয়েক মিলিয়ন ডলার আয় করা সম্ভব। শুধু মেসিই নন, আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিও আয়োজনটির ধরন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুরো আয়োজন যেভাবে এগোচ্ছিল, তা নিয়ে স্কালোনির মনেও প্রশ্ন ছিল বলে দাবি করেছে ইতালীয় সংবাদমাধ্যমটি।তবে শেষ পর্যন্ত মেসি ম্যাচটিতে খেলতে রাজি হন। কিন্তু আয়োজনের পেছনে বাণিজ্যিক হিসাব-নিকাশের অভিযোগ ওঠায় বিতর্ক থামেনি।এই আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। শেষ পর্যন্ত বেনিনকেই মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়। এক্ষেত্রেও উঠে এসেছে আরেকটি চমকপ্রদ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, মেসির বিদায়ী ম্যাচের অংশ হয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পাওয়ায় বেনিন কোনো ম্যাচ ফি ছাড়াই খেলতে রাজি হয়েছে। সাধারণত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে বেনিনের বড় অঙ্কের অর্থ দাবি করার কথা ছিল। কিন্তু এএফএ একটি কলম্বিয়ান এজেন্সিকে এমন একটি দল খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিল, যারা ম্যাচ খেলার জন্য কোনো অর্থ দাবি করবে না। শেষ পর্যন্ত বেনিন সেই শর্তে রাজি হয়। ফলে মেসিকে ঘিরে আবেগ, আন্তর্জাতিক ফুটবলের বাণিজ্যিক বাস্তবতা এবং ম্যাচ আয়োজনের অর্থনৈতিক হিসাব—সবকিছু মিলিয়ে বিদায়ী ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ধরনের আলোচনা। তবে এসব বিতর্কের বাইরে মাঠের দৃশ্য হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আর্জেন্টিনার ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টালে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে মেসিকে বিদায় জানানোর মুহূর্তটি হয়ে উঠতে পারে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন রাত। মেসির জন্য এটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়—আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের শেষ স্মরণীয় মুহূর্তগুলোর একটি হিসেবেই দেখছেন সমর্থকেরা।