উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিব ওরফে সাকিব মাদবরের বিরুদ্ধে। অভিযোগের পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।মঙ্গলবার (৬ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী জেলা শাখার অধীন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ভুক্তভোগী পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরুলের অভিযোগ, রোববার (৪ অক্টোবর) রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। পরে একটি নির্জন স্থানে আটকে রেখে তাকে মারধর করা হয় বলে দাবি করেন তিনি। মনিরুলের অভিযোগ, এ সময় তার ব্যবহৃত Samsung S25 Ultra মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মো. সাইফুর রহমান সাকিব। তার দাবি, মনিরকে তারা কোনো মারধর করেননি এবং তার কাছ থেকে কোনো মোবাইল ফোন বা টাকা নেওয়া হয়নি। সাকিব বলেন, গভীর রাতে মনির তাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে স্থানীয় উত্তেজিত জনতা তাকে মারধর করে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে ঘটনা জানার পর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। তবে কলেজছাত্রকে তুলে নেওয়া, মারধর এবং মুক্তিপণ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তও বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।