উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূলে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নেয় দলটির হাইকমান্ড। চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। অনেকের বিরুদ্ধে নেওয়া হয় আইনি ব্যবস্থাও। কিন্তু দলীয় পদ হারানোর পরও থামছে না তাদের কর্মকাণ্ড—এমন অভিযোগই এখন নতুন করে সামনে এসেছে। অভিযোগ রয়েছে, বহিষ্কৃতদের কেউ কেউ এখনও নিজেদের বিএনপির পরিচয় ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং স্থানীয় পর্যায়ে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন। কোথাও দখল, কোথাও চাঁদাবাজি, আবার কোথাও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতেও জড়াচ্ছেন তারা। ফুটপাত, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, আবাসন, জমি, বাজার ও টেন্ডার—অর্থের প্রবাহ রয়েছে এমন বিভিন্ন খাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধে জড়ানোর অভিযোগ উঠছে। আর এসব বিরোধের সবচেয়ে ভয়াবহ পরিণতি অনেক ক্ষেত্রে ভোগ করতে হচ্ছে দলটিরই নেতাকর্মীদের। সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পাশাপাশি দলীয় পর্যায়েও নেওয়া হয় সাংগঠনিক ব্যবস্থা। কমিটি ভেঙে দেওয়া এবং বেশ কয়েকজনকে বহিষ্কারের পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত কয়েক দিনেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বহিষ্কৃত নেতাকর্মীও রয়েছেন বলে বিভিন্ন মামলার তথ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে উঠে এসেছে।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার ভাষ্য, অপকর্মের অভিযোগে বহিষ্কার করা হলেও কেউ কেউ এরপর আরও বেপরোয়া হয়ে ওঠেন। স্থানীয় অপরাধীদের নিয়ে নিজেদের বলয় তৈরি করে দখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি ঢাকার নিউ ইস্কাটনে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি আগ্নেয়াস্ত্র বের করে ব্যবসায়ীকে ভয় দেখান এবং পরে অস্ত্রের বাঁট দিয়ে তাকে আঘাত করেন। ৫ আগস্টের পর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। এদিকে মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের সদস্য পরিচয়ে একটি বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা বিএম ইব্রাহিম ওরফে তালা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, তার নেতৃত্বে একটি দল ব্যবসায়ী জাহিদ হাসানের বাসায় ঢুকে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা দাবি করে। মোহাম্মদপুরেই আরেক বহিষ্কৃত যুবদল নেতা ফারুক হোসেন রিপনের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মুন্সীগঞ্জেও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনা আলোচনায় এসেছে। গত ৫ অক্টোবর সাংবাদিকের পিতাকে বিয়ে পড়ানোর কথা বলে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পুলিশ ও মামলার অভিযোগ অনুযায়ী, কাজী মো. হাবিবুর রহমানকে বাসা থেকে ডেকে নিয়ে মুক্তারপুর এলাকায় একটি কক্ষে আটকে রাখা হয়। পরে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে অভিযোগে আদায় করা দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। রাজীব হোসেন অপু ও তার সহযোগী স্বপন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সংসদ নির্বাচনে কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন বলেও স্থানীয় রাজনৈতিক পর্যায়ে অভিযোগ রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে আগেও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আলোচনায় ছিল।
এদিকে রাজধানীর খিলক্ষেত ও শেরেবাংলা নগর এলাকাতেও বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ৪ অক্টোবর চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহীনুর আলম মারফতকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়। এর পরদিন চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
শুধু চাঁদাবাজি বা দখল নয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও সামনে এসেছে। বিএনপির দপ্তর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রথম ছয় মাসে আধিপত্যের লড়াইয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৪০ নেতাকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে বিএনপির ২৩, যুবদলের ৮, ছাত্রদলের ২, শ্রমিক দলের ২, কৃষক দলের ২, স্বেচ্ছাসেবক দলের ২ এবং তাঁতী দলের একজন রয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য। কাফরুলে ময়লার টেন্ডার ও ফুটপাত নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলার পরিকল্পনার তথ্য তদন্তে পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ। পরিকল্পিত হামলায় লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবদলকর্মী ইউসুফ আলী পারভেজ নিহত হন। সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মী ইব্রাহিম পলাশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাতেও স্থানীয় আধিপত্যের বিরোধের অভিযোগ ওঠে। একইভাবে মৌচাক এলাকায় ফুটপাত নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন হত্যার অভিযোগে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া কিশোরগঞ্জের মিঠামইন, নারায়ণগঞ্জের সোনারগাঁ, চট্টগ্রামের রাউজান, খুলনা, ময়মনসিংহ ও বাগেরহাটেও দলীয় কোন্দল ও আধিপত্যের বিরোধে নেতাকর্মী নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে।
বিএনপির জন্য এখন বড় প্রশ্ন—বহিষ্কার করেও যদি সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় ব্যবহার ও স্থানীয় প্রভাব বিস্তার ঠেকানো না যায়, তাহলে দলীয় শৃঙ্খলা কতটা কার্যকর থাকবে? দলের একাধিক দায়িত্বশীল নেতা মনে করছেন, বহিষ্কার করাই শেষ কথা নয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় পরিচয়ের অপব্যবহার বন্ধ করাও জরুরি। অন্যথায় ব্যক্তির কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত দলের ওপরই বর্তাতে পারে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা অপকর্মে জড়িত হয়েছিল তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারা এখনও সংশোধিত হয়নি, তাদের জন্য বিএনপির দরজা আজীবনের জন্য বন্ধ। বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবে। দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানও বলেছেন, বিএনপি চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গণবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতার পালাবদলের পর মাঠপর্যায়ে দলীয় পরিচয়কে ব্যক্তিস্বার্থে ব্যবহারের প্রবণতা ঠেকানো এখন বিএনপির জন্য বড় পরীক্ষা। বহিষ্কার, গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও যদি একই ধরনের অভিযোগ সামনে আসতে থাকে, তাহলে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক ভাবমূর্তি—দুটিই প্রশ্নের মুখে পড়তে পারে।