উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাংবাদিকের হাতে ক্যামেরা বা নোটবুক—এটাই তার অপরাধ নয়; জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা, হুমকি কিংবা বাধার মুখে পড়া স্বাধীন সাংবাদিকতার জন্য বড় উদ্বেগের বিষয়। দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে এসব ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও আইনসম্মত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গত ৪ অক্টোবরের ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্পাদক পরিষদ বলেছে, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়; জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছিলেন। কোনো সংবাদ, মতামত কিংবা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে মতবিরোধ থাকলেও হামলা, হুমকি বা দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। সংগঠনটির মতে, সাংবাদিকের ওপর হামলা কেবল একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপরও আঘাত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সম্পাদক পরিষদ। তবে সংগঠনটি বলেছে, তদন্ত অবশ্যই নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক হতে হবে। হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে।সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত, প্রশাসনিক কার্যালয় ও অন্যান্য জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধের পাশাপাশি রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সব পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়; এটি একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজের অপরিহার্য শর্ত। ভয়, হুমকি ও সহিংসতার পরিবেশে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনায় দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।