উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ অক্টোবর) দুই বিমানবন্দরে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA)।
কর্তৃপক্ষ জানায়, হামলার পর বিমানবন্দরের অগ্নিনির্বাপণ দল ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা নির্ধারিত জরুরি ব্যবস্থা ও নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে।
আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক।
এ ঘটনায় আরও ২৮ জন আহত হন। আহতদের মধ্যে দুইজন সৌদি নাগরিক এবং বাংলাদেশ ও ফিলিপাইনের বাসিন্দা রয়েছেন। তাদের আঘাত সামান্য থেকে গুরুতর—উভয় ধরনের বলে জানিয়েছে GACA।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের একজন বাসিন্দা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হন।
আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, দুইজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদেরও সামান্য থেকে গুরুতর ধরনের আঘাতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
হামলায় আহত সবাইকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুই বিমানবন্দরেই হামলার কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে GACA।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।