উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিখোঁজের দুই দিন পর নারায়ণগঞ্জের ২০ বছর বয়সী তরুণ শিশির কুমার বীরের মরদেহ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল মাবুদ জানান, স্থানীয় লোকজন মেট্রো সিমেন্ট কারখানা থেকে প্রায় ২০০ গজ দূরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত শিশির কুমার বীর নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকার প্রয়াত বিপ্লব বীরের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের বড় বোন শুভ্রা বীর জানান, গত মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হন শিশির। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। শিশিরের ব্যবহৃত মুঠোফোনটি বাসাতেই রেখে যান। তবে শিশির নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, মুক্তারপুর নৌ পুলিশ শিশিরের মরদেহ উদ্ধারের বিষয়টি জানালে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করেনি পরিবার। শিশিরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। শিশির ২০২৫ সালে সরকারি তোলারাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান তার বোন শুভ্রা। মুক্তারপুর নৌ পুলিশের এসআই আব্দুল মাবুদ বলেন, শিশিরের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।