উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের বন্দরে ডেঙ্গু ও হাম প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্দর সাংগঠনিক উত্তর থানা শাখা। কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ, লিফলেট বিতরণ, বিনামূল্যে ওষুধ প্রদান এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বন্দরের কামাল উদ্দিনের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। সমাবেশে মাওলানা আবদুল জব্বার বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি বিনামূল্যে ওষুধ, লিফলেট বিতরণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিজেদের অর্থায়নে সপ্তাহব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি প্রশাসনের প্রতি জনগণের কল্যাণে কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু ও হাম থেকে সুরক্ষায় সচেতনতার পাশাপাশি দোয়ার ওপরও গুরুত্বারোপ করেন। এর আগে নবীগঞ্জের আল-সিফাত কমিউনিটি সেন্টারে বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কামাল উদ্দিনের মোড় থেকে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু হয়। কার্যক্রমটি নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। নবীগঞ্জ ঘাটে মাওলানা আবদুল জব্বার এডিস মশার প্রজনন রোধে বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হতে পারে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। এ কাজে জনগণের পাশাপাশি সিটি করপোরেশনেরও দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গেও বক্তব্য দেন মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, জনগণের জন্য কাজ করবেন—এমন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, তাদের মধ্যে দায়িত্ববোধ ও আল্লাহর ভয় থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বন্দর সাংগঠনিক উত্তর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মিয়াসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।