উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বুক ও পেটের সঙ্গে জোড়া লাগানো মরক্কোর দুই শিশু সাজা ও দোহাকে সফলভাবে আলাদা করা হয়েছে। এক বছর এক মাস বয়সী শিশু দুটির অস্ত্রোপচার বৃহস্পতিবার রিয়াদের কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেনস হাসপাতালে সম্পন্ন হয়। সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের সুপারভাইজার জেনারেল এবং অস্ত্রোপচার দলের প্রধান ড. আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-রাবিয়াহ বলেন, ২৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে গঠিত দল অস্ত্রোপচারে অংশ নেয়। জোড়া শিশু পৃথক করার কাজে দলটির সদস্যদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তিনি জানান, প্রথমে দুই শিশুকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় এবং অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়। এরপর তাদের যকৃত ও অন্ত্র আলাদা করা হয়। পরে দুই শিশুকে পৃথক দুটি অপারেশন টেবিলে নিয়ে অস্ত্রোপচারের কাজ শেষ করা হয়। সবশেষে তাদের অস্ত্রোপচারের ক্ষতস্থান বন্ধ করা হয়। অস্ত্রোপচারের আগে সৌদি কনজয়েন্ড টুইনস প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, শিশু দুটির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে কয়েকটি ধাপে অস্ত্রোপচারটি সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছিল। সৌদি আরবের এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের জোড়া শিশুদের পৃথক করার জন্য নিয়মিত জটিল অস্ত্রোপচার পরিচালনা করা হয়।