উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফ ভাড়া চালুর দাবিতে এবার সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের ঢাকাগামী লেনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করলে প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কে অবস্থান নেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বাস মালিকদের আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। এরপর ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারী শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।’ এর আগে গত ২৯ সেপ্টেম্বর বাসে হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় শিক্ষার্থীরা। পরদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান রুটে দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে সাধারণ যাত্রীর ভাড়া ৭৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫৫ টাকা নির্ধারণ করা হয়। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হাফপাস ভাড়া ৪০ টাকা নির্ধারণের দাবি জানান। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।