উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় ডিএনএ পরীক্ষায় বড় অগ্রগতির কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা। ঘটনাস্থল থেকে উদ্ধার কিছু গুরুত্বপূর্ণ আলামতের সঙ্গে গ্রেফতার দুই আসামির ডিএনএ মিলেছে বলে সিআইডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় সিআইডির পরীক্ষাগার থেকে পাঠানো ডিএনএ প্রতিবেদন তদন্তকারী সংস্থার হাতে আসে। রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত তদারকির দায়িত্বে থাকা রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। ডিবি ও সিআইডি সূত্র জানায়, গত ২১ আগস্ট দিবাগত রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডি ও পুলিশ। এর মধ্যে খেজুর, কামড় দেওয়া শসার অংশ এবং সিগারেটের অংশবিশেষের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ডিবি কর্মকর্তাদের দাবি, পরীক্ষায় এসব আলামতের ডিএনএর সঙ্গে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর শতভাগ মিল পাওয়া গেছে। তদন্তকারীদের মতে, হত্যাকাণ্ডের সময় দুই আসামির ঘটনাস্থলে থাকার দাবির পক্ষে এই পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আলামত হিসেবে বিবেচিত হবে। এ ঘটনায় এখন পর্যন্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস—এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। রংপুর মহানগর পুলিশের ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিআইডির ডিএনএ প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার খেজুর, শসা ও সিগারেটের অংশবিশেষের সঙ্গে গ্রেফতার দুই আসামির ডিএনএ মিল পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডিবির তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের রাতে সিদ্ধার্থ ও মুগ্ধ প্রথমে গণপতিদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর পাশের নির্মাণাধীন ভবনের সিঁড়ি দিয়ে উঠে বাড়িটির ছাদে প্রবেশ করেন বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর ভাষ্য, দ্বিতীয় তলায় পৃথক কক্ষে ঘুমিয়ে ছিলেন গণপতি, তাঁর স্ত্রী প্রীতিলতা ও তাঁদের দুই সন্তান। ভোররাতে শব্দ পেয়ে গণপতি তৃতীয় তলার খোলা ছাদে গেলে তাঁকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী সিঁড়ি দিয়ে ওপরে উঠলে তাঁদের সেখানেই শ্বাসরোধ করা হয়। দ্বিতীয় তলায় ঘুমন্ত অবস্থায় ১২ বছরের আয়ুশকেও শ্বাসরোধে হত্যা করা হয় বলে তদন্ত কর্মকর্তার ভাষ্য। ডিবি আরও জানায়, হত্যাকাণ্ডের পরও কিছু সময় বাড়িতে অবস্থান করেন দুই আসামি। এ সময় তাঁরা গোসল করেন, খেজুর ও শসা খান এবং তিনটি আলমারিসহ বিভিন্ন কক্ষের জিনিসপত্র তছনছ করেন বলে তদন্তে দাবি করা হয়েছে। পরে ১৫ হাজার টাকা ও ছয়-সাত ভরি স্বর্ণালংকার নিয়ে তাঁরা চলে যান বলেও জানিয়েছে পুলিশ।