উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজের প্রশিক্ষণ নিতে চান—এমন বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় অঙ্কের ফি আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নিয়মে এফ-১ ভিসাধারী শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচিতে অংশ নিতে ৭০ হাজার ডলার পর্যন্ত ফি দিতে হতে পারে। অতিরিক্ত প্রশিক্ষণের ক্ষেত্রে আরও ৩০ হাজার ডলার ফি নির্ধারণের প্রস্তাব রয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার প্রকাশিত সরকারি নোটিশে এ প্রস্তাব দেয়। বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগসংক্রান্ত নিয়মে ট্রাম্প প্রশাসনের চলমান কড়াকড়ির অংশ হিসেবেই নতুন এই ফি কাঠামোর প্রস্তাব করা হয়েছে। ডিএইচএসের প্রস্তাব অনুযায়ী, এফ-১ ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের চাকরিসংক্রান্ত প্রশিক্ষণের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানে ৭০ হাজার ডলার দিতে হবে। ওপিটির বাইরে অতিরিক্ত কোনো কাজের প্রশিক্ষণ নিতে চাইলে আরও ৩০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব রয়েছে। বর্তমানে ওপিটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রায় ৫০০ ডলার ফি দিতে হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। ওপিটির মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার সময় নির্দিষ্ট সীমার মধ্যে কাজের প্রশিক্ষণ নিতে পারেন। স্নাতক শেষ করার পরও সীমিত সময়ের জন্য এই সুযোগ থাকে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—স্টেম বিষয়ে ডিগ্রিধারীরা তুলনামূলক দীর্ঘ সময় প্রশিক্ষণের সুযোগ পান। ডিএইচএস বলছে, নতুন ফি ব্যবস্থার লক্ষ্য হলো প্রতারণা বন্ধ করা, অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং মার্কিন কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখা। ওপিটি কর্মসূচিকে অনেক বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষ করার পর পেশাগত ক্যারিয়ারে প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ব্যবহার করেন। বিশেষ করে প্রযুক্তি ও প্রকৌশল খাতে এই কর্মসূচির মাধ্যমে অনেকে পরবর্তী সময়ে এইচ-১বি ভিসায় চাকরির সুযোগ পাওয়ার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে এইচ-১বি কর্মসূচির মাধ্যমে ভারত, চীনসহ বিভিন্ন দেশের দক্ষ প্রকৌশলী ও বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পেয়েছেন। দেশটির বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও দক্ষ বিদেশি কর্মীর ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। নতুন প্রস্তাব নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিদেশি স্টেম পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করতে কাজ করা ট্যালেন্ট মোবিলিটি ফান্ডের পরিচালক ডগ র্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে প্রস্তাবটির আইনগত স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, প্রস্তাবিত এই নিয়ম আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর আগে ট্রাম্প প্রশাসনের বিদেশি কর্মী ও ভিসাসংক্রান্ত কয়েকটি কঠোর পদক্ষেপও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে নিয়মটি এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তাবিত বিধিমালার ওপর ৩০ দিন জনসাধারণের মতামত নেওয়া হবে। এরপর চূড়ান্ত করা হলে নতুন নিয়ম কার্যকরের আগে আরও ৬০ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ডিএইচএস। ফলে প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে কাজের প্রশিক্ষণ নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ওপর এর আর্থিক প্রভাব কতটা পড়বে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।