উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টহাউসের প্রিভেন্টিভ টিম।
জব্দ করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার G9 518 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় গেলে তাঁকে সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির পেস্টসদৃশ সোনার বস্তু উদ্ধার করা হয়।কাস্টমসের তথ্য অনুযায়ী, প্রতিটি সোনার পেস্টের ওজন ৪৩০ গ্রাম। তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম এবং বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পেস্ট পরিশোধন করলে আনুমানিক ১ কেজি খাঁটি সোনা পাওয়া যেতে পারে।জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে এনবিআর। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।