উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই ঘটনায় আরও চারজনের বিষয়ে অধিকতর তদন্ত এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম তদন্ত কমিটির সুপারিশের বিষয়টি জানান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ পাওয়া চারজন হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, কর্মী বিশাল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে রাকসুর সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিষয়ে। এ ছাড়া বুলবুল রহমান ও শরীফুল ইসলাম—দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি—এবং সহকারী দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করেছে কমিটি। গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে চারজন সাংবাদিক রয়েছেন। ঘটনার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রতিবেদন জমা দিতে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন উপাচার্য। তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত কী, তা এখনো জানানো হয়নি।