উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওসমান (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে আগে থেকেই ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে আটটা থেকে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত এই ধারাবাহিক অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে গঠিত টিম বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামের দুইজনকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। ওই অভিযানে ১৭ মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ওসমান এবং তার সহযোগী নয়নক (২৫) গ্রেপ্তার হন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওসমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগে থেকেই ১৭টি মাদক মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকসহ মোট চার আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।