উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। একই বিমানে পাশাপাশি বসে থাকা দুই তারকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁদের একসঙ্গে বিদেশযাত্রা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে নতুন কোনো সিনেমার শুটিং নয়, তাঁদের এই সফরের পেছনে রয়েছে বিশেষ একটি আয়োজন। মিথিলার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতেই দেশ ছেড়েছেন তাঁরা। মিথিলা বিমানে তোলা ছবির পাশাপাশি অনুষ্ঠানের আনুষ্ঠানিক পোস্টারও প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’ শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল আগুন। অন্যদিকে, ওই সিনেমায় মিথিলার চরিত্রের নাম ছিল এলিনা। সিনেমার এই দুই চরিত্রের নাম ব্যবহার করে নিউইয়র্কে একসঙ্গে উপস্থিত হওয়ার খবর জানিয়েছেন মিথিলা। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে উপস্থিত থাকবেন তানজিয়া জামান মিথিলাও। দুই তারকার একই অনুষ্ঠানে অংশ নেওয়ার খবরে তাঁদের ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ‘রকস্টার’ সিনেমার জনপ্রিয় দুই চরিত্র আগুন ও এলিনার নাম উল্লেখ করে মিথিলার পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।