উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারের লাইসেন্স বিতরণে অনৈতিক লেনদেন ও আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘সবার আগে প্রশাসনের লোকদের অপারেশন ক্লিন হার্ট চালানো দরকার।’ শুক্রবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন সংসদ সদস্য। সেখানে তিনি সারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কথিত অনৈতিক লেনদেনের প্রসঙ্গ তুলে লেখেন, ‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয় তা আমি জানি। এদের বিরুদ্ধে মুখ খুলতে চাই নাই।’ পোস্টে এমপি মাজেদ দাবি করেন, সারের লাইসেন্স দেওয়ার নামে অনৈতিক লেনদেন হচ্ছে এবং আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। তিনি লেখেন, ‘সারের লাইসেন্স নিয়ে বিভিন্ন মানুষ টাকা দিতে চায়, আমি সেগুলো বাদ দিয়েছি। ঈশ্বরগঞ্জে এক টাকার অনৈতিক সুবিধা আমি নিই না, কোনোদিন নেবোও না।’ সরিষা ইউনিয়নে লাইসেন্স বণ্টনের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য অভিযোগ করেন, তাঁর দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লাইসেন্স দেওয়ার ঘটনা ঘটছে। এ ধরনের সিদ্ধান্তে উপজেলা ও জেলা প্রশাসনের সততা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘আমার কাছে তার পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলার কারণ খুঁজে পাই। আমি সব জানি, এদের বিরুদ্ধে মুখ খুলতে চাই নাই।’ লাইসেন্স বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দাবি করে এমপি মাজেদ আরও লেখেন, ‘যতক্ষণ এর অফিশিয়াল উত্তর না পাবো, ঈশ্বরগঞ্জে কেউ কোনও মনোনীত লোক সারের লাইসেন্স নেবে না।’ দলীয় নেতাকর্মীদের মামলা ও হামলার শিকার হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমাদের লোকেরা মামলা, হামলা খাবে আর আপনারা পয়সার বিনিময়ে সারের লাইসেন্স দেবেন, তা হবে না।’ পোস্টের শেষাংশে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করে সংসদ সদস্য বলেন, ‘কিসের রাজনৈতিক নেতাদের শুদ্ধী করবেন, সবার আগে প্রশাসনের লোকদের অপারেশন ক্লিন হার্ট চালানো দরকার।’ সারের লাইসেন্স বিতরণে অনিয়ম ও অর্থ লেনদেনের বিষয়ে সংসদ সদস্যের এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসনের বক্তব্যও পাওয়া যায়নি।