উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় মাঝরাতে নিজ বসতঘরে ককটেল বিস্ফোরণে শাহজাহান খলিফা (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত শাহজাহান খলিফা মফিজুল খলিফার ছেলে। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস জানান, বিস্ফোরণে শাহজাহানের মুখের চোয়াল ও কানের নিচের অংশে জখম হয়েছে। আঘাতের ধরন দেখে তাঁর কাছে ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হয়নি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাধারণত শরীরে আগুনে পোড়ার চিহ্ন থাকার কথা বলেও জানান তিনি। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় আহত ব্যক্তি ঘটনাটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে উল্লেখ করলেও পুলিশের বক্তব্যে ভিন্ন তথ্য উঠে আসে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছি। তারা বিষয়টি ধামাচাপা দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে উল্লেখ করে।” এদিকে, বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এলাকায় আলোচনা চলছে। ওই বাড়িতে আরও ককটেল মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং বসতঘরে বিস্ফোরক কীভাবে এল, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।