উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৯ অক্টোবর) নেওয়া এ পদক্ষেপে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় মিত্রদের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও আইসিসির সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরপরই এ নিষেধাজ্ঞার ঘোষণা আসে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসিসির আপিল বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আইসিসির উপপ্রধান কৌঁসুলি নাজহাত শামীম খান মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এ নিষেধাজ্ঞার লক্ষ্য আন্তর্জাতিক আইনের শাসন ও স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কার্যক্রম দুর্বল করা। তবে তাঁর ভাষ্য, নিষেধাজ্ঞার কারণে আদালতের তদন্ত, বিচার ও অন্যান্য কার্যক্রম বন্ধ হবে না। ২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করে। আদালতটির কার্যক্রম নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরোধিতা দীর্ঘদিনের। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তদন্ত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওয়াশিংটনের সঙ্গে আদালতের বিরোধ আরও তীব্র হয়। আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্তেও আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিচার করার এখতিয়ার আইসিসির নেই। আদালটিকে ‘বেআইনি ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে তিনি জানান, এর সঙ্গে লেনদেন বন্ধ এবং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত করার উদ্যোগ নেওয়া হবে। রুবিওর ভাষ্য, আইসিসি ও রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনের সুযোগ দিতে নিষেধাজ্ঞা আরোপে দেরি করা হয়েছিল। কিন্তু সে বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ‘হয় আইসিসি তাদের হুমকি বন্ধ করবে, নয়তো আমরা আইসিসিকে বন্ধ করে দেব।’ বর্তমানে আইসিসির সদস্য ১২৫টি দেশ। ইউরোপীয় ইউনিয়নের সব দেশসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র রাষ্ট্র এই আদালতের সদস্য। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতটির প্রতি ইউরোপীয় দেশগুলোর সমর্থন থাকায় মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কূটনৈতিক বিরোধ আরও জটিল হতে পারে। এদিকে নিষেধাজ্ঞার প্রভাব সীমিত রাখতে মার্কিন অর্থ মন্ত্রণালয় কিছু লেনদেনের ক্ষেত্রে চারটি সাধারণ অনুমতিপত্র জারি করেছে। এর আওতায় টেলিযোগাযোগ, সফটওয়্যার, পেনশন পরিশোধ এবং আটক ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লেনদেন চালু রাখা যাবে।
নোবেল কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও বিচারিক প্রতিষ্ঠানগুলো যখন রাজনৈতিক আক্রমণের মুখে, তখন নাভি পিল্লাইকে পুরস্কৃত করার মাধ্যমে আইনের শাসনের গুরুত্ব তুলে ধরতে চেয়েছে তারা।