উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে কারাগারে ফিরেছেন ক্রিস্টা পাইক (৫০)। গত ৩০ সেপ্টেম্বর তাঁকে পেন্টোবারবিটাল ওষুধের দুটি ইনজেকশন দেওয়া হলেও তাঁর মৃত্যু হয়নি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার কয়েক দিন পর জ্ঞান ফিরে পেলে কথা বলতে শুরু করেন তিনি। শনিবার (১০ অক্টোবর) তাঁর আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন দশক ধরে বন্দী থাকা পাইককে তাঁর আগের কারাগারেই ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। তবে কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আইনজীবীদের বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে জ্ঞান ফিরে পাওয়ার পর কথা বলতে শুরু করেন পাইক। তাঁর জ্ঞান ফেরার ঘটনায় বিস্মিত হন চিকিৎসক, হাসপাতালের কর্মী ও আইনজীবীরা। এ সময় যাঁরা দ্রুত সাড়া দিয়েছেন এবং চিকিৎসাসেবা দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রাণঘাতী ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। পাইকের আইনজীবীদের মতে, এ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি হিসেবে তিনিই সম্ভবত একমাত্র। গত বুধবার আদালতের শুনানিতে টেনেসি অঙ্গরাজ্যের সহকারী অ্যাটর্নি জেনারেল উইল আয়রস জানান, পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের নতুন তারিখ নির্ধারণ করা হবে কি না, সে বিষয়ে অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত তাঁর জানা নেই। শুনানিতে বিচারক ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেন। ভবিষ্যতে অঙ্গরাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হলে এসব প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে নির্যাতন ও পিটিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন পাইক। হত্যাকাণ্ডের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। তৎকালীন প্রেমিক টাডারিল শিপের সঙ্গে মিলে তিনি স্লেমারকে হত্যা করেন। নিম্ন আয়ের তরুণদের জন্য আয়োজিত একটি কর্মসংস্থান প্রশিক্ষণ শিবিরে তাঁদের পরিচয় হয়েছিল। এ ঘটনায় পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, অপরাধের সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিপের মৃত্যুদণ্ড হয়নি। তিনিও এখনো কারাগারে রয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টার সময় অচেতন হয়ে পড়েন পাইক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কয়েক দিন পর জ্ঞান ফিরে এলে মঙ্গলবার কথা বলতে শুরু করেন তিনি। তাঁর আইনজীবী র্যান্ডি স্পাইভির ভাষ্য অনুযায়ী, জ্ঞান ফেরার পর পাইকের প্রথম প্রশ্ন ছিল, ‘আমি কোথায়?’ এরপর তিনি জানতে চান, ‘আপনি কে?’ মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা কেন ব্যর্থ হয়েছে, তা এখনো জানায়নি টেনেসি সংশোধন বিভাগ। তবে বিশেষজ্ঞদের ধারণা, শিরায় ওষুধ প্রবেশ করানোর নল সঠিকভাবে স্থাপন না করায় ওষুধ রক্তপ্রবাহে না গিয়ে শরীরের টিস্যুতে জমা হয়েছিল। পাইকের আইনজীবীরাও আদালতে দাখিল করা নথিতে নল স্থাপনে ত্রুটির অভিযোগ করেছেন। এ ঘটনার পর চলতি বছরে নির্ধারিত অন্য মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ স্থগিত করে পুরো প্রক্রিয়া পর্যালোচনার নির্দেশ দিয়েছেন টেনেসির গভর্নর বিল লি। প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার পর অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধানও পদত্যাগ করেছেন।